হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ১৬, ২০২৬

তরুণদের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস,ঢাকা, ১৫ জুন ২০২৬

IMG_7095

দেশের তরুণ সমাজের মেধা, শ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

সোমবার (১৫ জুন) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজে আয়োজিত সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতা ও অক্লান্ত পরিশ্রমই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দল-মত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে আরও উন্নত, সমৃদ্ধ এবং মানবিক রাষ্ট্র।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় অংশগ্রহণ একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা ও নৈতিক মূল্যবোধের পাশাপাশি সাংস্কৃতিক চর্চারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “নারী ও পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীদের আরও এগিয়ে আসতে হবে এবং তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”

এ সময় মুগদা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোশররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলেজ ও হাসপাতালের পরিচালক, বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টি সদস্য, শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর আবহের সৃষ্টি হয়। বক্তারা শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয়ের মাধ্যমে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।