খুলনায় দক্ষিণ টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
By বেঙ্গল টাইমস ডেস্ক:
খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. ইসমাইল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।নিহত ইসমাইল দক্ষিণ টুটপাড়া এলাকার শাজাহান ওরফে ‘পাগলা শাজাহান’-এর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালায়।
পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।পুলিশ আরও জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।