হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সহধর্মিণী জোবাইদা রহমানের উপস্থিতিতে ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ কর্মশালা অনুষ্ঠিত

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, প্রকাশ: ০৭ জুলাই, ২০২৬

IMG_7947

ঢাকা: শিশুদের সুস্থ, নিরাপদ ও মানসম্মত বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ (Early Childhood Care and Development-ECCD) শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় দেশের শিশু উন্নয়ন, প্রাক-প্রাথমিক শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং পারিবারিক পরিচর্যার গুরুত্ব তুলে ধরা হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের অংশগ্রহণে কেক কাটেন এবং কর্মশালার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। অনুষ্ঠানে শিশুদের প্রাণবন্ত উপস্থিতি এবং অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কর্মশালায় বক্তারা বলেন, একটি শিশুর জীবনের প্রথম কয়েক বছরই তার ভবিষ্যৎ শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ এবং সামাজিক দক্ষতার ভিত্তি গড়ে তোলে।

তাই জন্মের পর থেকেই শিশুদের জন্য মানসম্মত পুষ্টি, স্বাস্থ্যসেবা, নিরাপদ পরিবেশ, স্নেহময় পারিবারিক পরিচর্যা এবং প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় আরও বলা হয়, শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে শুধু সরকার নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

শিশুবান্ধব পরিবেশ, ইতিবাচক অভিভাবকত্ব, খেলাধুলাভিত্তিক শিক্ষা এবং মানসিক সুস্থতার বিষয়গুলোকে জাতীয় উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী অভিভাবকদের শিশুদের সঙ্গে অধিক সময় কাটানো, প্রযুক্তির ভারসাম্যপূর্ণ ব্যবহার নিশ্চিত করা, সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, শিশুদের প্রারম্ভিক বিকাশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, অভিভাবক ও শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিশু কল্যাণ ও উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তারা জানান।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিশু বিকাশ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, অভিভাবক এবং শিশুদের অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে।