প্রেমের ফাঁদে ডেকে ছাত্রাবাসে নারীকে চার দিন আটকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
By কুষ্টিয়া প্রতিনিধি | বেঙ্গল টাইমস
কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ডেকে এনে চার দিন আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রাফিউজ্জামান রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
তার বিরুদ্ধে আরও কয়েকজন সহযোগীর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।পুলিশ জানায়, অভিযুক্ত রবিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষীখোলা গ্রামের বাসিন্দা।
তিনি কৌশলে ভুক্তভোগী নারীকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার একটি বহুতল ভবনের নিচতলার একটি ছাত্রাবাসে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে তাকে চার দিন জিম্মি করে রাখা হয় এবং এ সময় শারীরিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণ করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তার পরিচয় গোপন করার উদ্দেশ্যে ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি)সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলে।
পরে সোমবার (২০ জুলাই) সকালে তিনি কৌশলে ছাত্রাবাস থেকে বের হয়ে রাস্তায় এসে স্থানীয়দের কাছে সাহায্য চান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, ভুক্তভোগীর যৌন নির্যাতনের অভিযোগ থাকায় তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রাফিউজ্জামান রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সব দিক খতিয়ে দেখা হচ্ছে।