পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে ৭ জুলাই কেন্দ্র–রাজ্যের বৈঠক, কড়া পদক্ষেপের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
By বেঙ্গল টাইমস ডেস্ক, কলকাতা | ২ জুলাই ২০২৬
পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাস পরিবর্তনের অভিযোগকে ঘিরে আবারও রাজনৈতিক আলোচনা তীব্র হয়েছে।
এ ইস্যুতে আগামী ৭ জুলাই নয়াদিল্লিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সরকারি সূত্র অনুযায়ী, বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অংশ নেবেন। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।বুধবার জোকায় ভারত সেবাশ্রম হাসপাতালের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাসের পরিবর্তন ঠেকাতে তাঁর সরকার একগুচ্ছ কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।
তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এসব উদ্যোগ বাস্তবায়ন করবে।
মুখ্যমন্ত্রী দাবি করেন, অনুপ্রবেশ দমনে প্রথম পর্যায়ের কার্যক্রম ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ৪৫ দিনে সীমান্ত সুরক্ষা জোরদারের জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হয়েছে এবং ১২টি বিশেষ ‘হোল্ডিং স্টেশন’ স্থাপন করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, এসব হোল্ডিং স্টেশনের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ১০ হাজার অনুপ্রবেশকারীকে সীমান্ত পার করে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে আরও প্রায় এক থেকে দেড় হাজার ব্যক্তি এসব কেন্দ্রে অবস্থান করছেন বলেও তিনি উল্লেখ করেন।তবে মুখ্যমন্ত্রীর এই দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো যাচাই বা আনুষ্ঠানিক তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।