ঈদুল আজহা উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।
By আন্তর্জাতিক ডেস্ক | ২৭ মে ২০২৬
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এই উৎসবকে ইসলাম ধর্মের ঐতিহ্য ও আধ্যাত্মিকতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।
বার্তায় পুতিন বলেন, “পূর্বপুরুষদের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও শিক্ষা অনুসরণ করে মুসলিমরা এই প্রাচীন উৎসবটি পালন করেন, যা বিশ্বাসীদের ইসলাম ধর্মের মূল উৎসের সঙ্গে যুক্ত করে এবং দয়া, ন্যায়বিচার, দানশীলতা ও ধর্মপরায়ণতার শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, রাশিয়ায় মুসলিম সংগঠনগুলো সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করা, তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং বিভিন্ন সামাজিক ও দাতব্য কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।
পুতিন মুসলিম সম্প্রদায়ের “মাতৃভূমির রক্ষক ও তাদের পরিবারকে সহায়তা করার” উদ্যোগের প্রশংসা করেন এবং এসব প্রচেষ্টাকে গভীরভাবে মূল্যবান বলে উল্লেখ করেন।