হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১, ২০২৬

মধ্যপ্রাচ্য ছাড়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের আহ্বান, ভ্রমণেও সতর্কতা

By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস, প্রকাশ: ১ আগস্ট ২০২৬

IMG_8570

ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের অঞ্চল ত্যাগের বিষয়টি বিবেচনা করতে অথবা পরিস্থিতির অবনতি হলে দ্রুত চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নতুন করে মধ্যপ্রাচ্যে ভ্রমণ এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজধানীতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নিজ নিজ ওয়েবসাইটে একই ধরনের নিরাপত্তা বার্তা প্রকাশ করেছে।

দূতাবাসগুলোর প্রকাশিত বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং যে কোনো সময় সংঘাত আরও বিস্তৃত হতে পারে। সাম্প্রতিক সময়ে পূর্বঘোষণা বা সতর্কতা ছাড়াই বিভিন্ন স্থানে হামলা এবং আগে লক্ষ্যবস্তু না হওয়া এলাকাতেও হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে।

মার্কিন দূতাবাসগুলো মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি অঞ্চল ত্যাগের বিষয়টি বিবেচনা করতে অথবা জরুরি প্রয়োজনে দ্রুত চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে সতর্ক করা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বিমান চলাচল ও ভ্রমণ পরিকল্পনায় হঠাৎ বিঘ্ন ঘটতে পারে।

মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও এ অঞ্চলে ভ্রমণ অথবা মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের ভ্রমণ অপরিহার্য, তাদের বিমানবন্দর ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করার আহ্বান জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।তবে মার্কিন দূতাবাসগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতেও তাদের নিয়মিত কনস্যুলার ও ভিসাসেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়লেও, সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।