মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার
By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | প্রকাশ: ৩ আগস্ট ২০২৬
তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার। তাঁর এই সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এক বিবৃতিতে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সফরকালে অ্যাডমিরাল স্টিভ কেলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা গত কয়েক বছরে ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়েছে। দুই দেশ নিয়মিত যৌথ প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ, মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে একসঙ্গে কাজ করে আসছে।