ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার
By মেডিকেল প্রতিবেদক | বেঙ্গল টাইমস, প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের বয়স আনুমানিক ৫৮ ও ৬০ বছর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওসেক)-এর পেছনের এলাকা থেকে দুই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে তাদের দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী বলেন, সকালে খবর পেয়ে ট্রলিম্যানদের সহায়তায় দুই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়।
তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তারা আগেই মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নিতে ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ জানিয়েছে, পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত এগিয়ে নেওয়া হবে।