হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১৫, ২০২৬

আলোচনায় না ফিরলে ইরানের অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি

By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস, ঢাকা | ১৫ জুলাই ২০২৬

IMG_8208

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। আলোচনায় ফিরে না এলে ইরানের গুরুত্বপূর্ণ সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য কৌশলগত অবকাঠামোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের মধ্যে ইরান আলোচনায় না ফিরলে যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, “আমি যতক্ষণ না বলছি ‘যথেষ্ট হয়েছে’, ততক্ষণ পর্যন্ত মার্কিন বাহিনীর অভিযান চলবে। এখনো ইরানের জ্বালানি খাতে হামলার নির্দেশ দিইনি, তবে পরিস্থিতি খুব দ্রুত বদলে যেতে পারে।

”তিনি আরও দাবি করেন, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নতুন সামরিক অভিযান পরিচালনা করা হবে।

এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক মার্কিন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ২৬০ জন আহত হয়েছেন বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

একই সঙ্গে ইরানের সেনাবাহিনীর দাবি, দক্ষিণ-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় তাদের সাত সদস্য নিহত হয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের উপকূলীয় অঞ্চলে অবস্থিত একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে প্রায় সাত ঘণ্টাব্যাপী বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে।

অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে তাদের পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তেহরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।আইআরজিসি এক বিবৃতিতে জানায়, সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ রুটগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

একই সঙ্গে প্রয়োজনে হরমুজ প্রণালি পুনরায় অবরোধ করারও হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলার ঘটনা না ঘটলেও সেই অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যা নিজেদের সামরিক ব্যর্থতা আড়াল করার একটি প্রচেষ্টা।এদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ‘সায়েকাহ’ নামে একটি অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে।পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ পরিবহন নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট ৫০ ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ওয়াশিংটনের দাবি, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের সামরিক ও লজিস্টিক কার্যক্রমে সহায়তার অভিযোগ রয়েছে।বিশ্লেষকদের মতে, সামরিক পাল্টাপাল্টি পদক্ষেপ, কূটনৈতিক অচলাবস্থা এবং নতুন নিষেধাজ্ঞার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌবাণিজ্যেও পড়ার আশঙ্কা রয়েছে।