ট্রাম্পের কণ্ঠে মোদির প্রশংসা, ‘ভারত যা চাইবে তাই পাবে’
By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস, ২৫ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । নিজেকে মোদির “বড় ভক্ত” দাবি করে তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।
রোববার (২৪ মে) রাতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোর। অনুষ্ঠানে বড় পর্দার মাধ্যমে ফোনে বক্তব্য দেন ট্রাম্প।
বক্তব্যে ট্রাম্প বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদিকে খুবই পছন্দ করি। তিনি অসাধারণ একজন মানুষ এবং আমার ঘনিষ্ঠ বন্ধু।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত চাইলে যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে। তার ভাষায়, “ভারত শতভাগ আমাদের ওপর ভরসা রাখতে পারে। তাদের কোনো সহায়তা প্রয়োজন হলে তারা জানে কোথায় যোগাযোগ করতে হবে।”
এ সময় নিজের দেশের অর্থনীতি ও শেয়ারবাজারের সাফল্যের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে অর্থনৈতিকভাবে নতুন রেকর্ড গড়ছে। পাশাপাশি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের “সেরা পররাষ্ট্রমন্ত্রী” বলেও আখ্যা দেন তিনি।
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি -কে শুভেচ্ছা জানান ট্রাম্প। এছাড়া, মার্কিন দূত সার্জিও গোর ভবিষ্যতে মোদিকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানা গেছে।
এদিকে ভারত সফররত মার্কো রুবিও জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, দুই দেশই এমন একটি চুক্তির দিকে এগোচ্ছে যা দীর্ঘমেয়াদে উভয়ের জন্য লাভজনক হবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয় সংকর-এর সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন রুবিও।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে শুল্ক ও বাণিজ্য নিয়ে কিছু মতপার্থক্য দেখা দিলেও, ওয়াশিংটন ও নয়াদিল্লি এখন
দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে আগ্রহী।