ঢাকা মেডিকেল এলাকা ও ঢাবির অমর একুশে হলের পেছনে ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার
By নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১২ জুলাই ২০২৬
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) সকালে পৃথক দুটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক)-এর পেছনের ফুটপাতে প্রায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান,
খবর পেয়ে হাসপাতালের কর্মীরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, একই সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকেও আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তাদের পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃতদের পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে।পুলিশের ধারণা, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।