মানব পাচার রোধে ডিজিটাল প্রতারণা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান সুইজারল্যান্ডের
By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ৩০ জুলাই ২০২৬
বিশ্ব মানব পাচারবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় আয়োজিত জাতীয় অনুষ্ঠানে মানব পাচারের পরিবর্তিত ধরন মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন প্রধান (Chargé d’affaires a.i.) দিয়েপাক এলমার।
তিনি বলেন, এ বছরের প্রতিপাদ্য “Trapped Behind the Scam” মানব পাচারের নতুন বাস্তবতাকে তুলে ধরেছে, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম, ভুয়া চাকরির প্রস্তাব এবং অনলাইনভিত্তিক অপরাধী চক্রের মাধ্যমে প্রতারণা করে মানুষকে পাচারের ফাঁদে ফেলা হচ্ছে।
তিনি বলেন, মানব পাচারের এই পরিবর্তিত কৌশল মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও শক্তিশালী সমন্বয় গড়ে তোলার পাশাপাশি টেলিযোগাযোগ ও ডিজিটাল খাতের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।
এতে প্রতারণামূলক কার্যক্রম প্রাথমিক পর্যায়েই শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে।দিয়েপাক এলমার আরও বলেন, মানব পাচারের শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা গুরুত্বের সঙ্গে বিবেচনায় এনে প্রতিরোধ ও সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর করতে হবে।সুইজারল্যান্ড দূতাবাস জানায়, ‘আশ্বাস (Ashshash)’ প্রকল্পের মাধ্যমে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। উইনরক ইন্টারন্যাশনাল-এর সঙ্গে অংশীদারিত্বে বাস্তবায়িত এই প্রকল্পের লক্ষ্য মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বাংলাদেশে মানব পাচারের নতুন ও উদীয়মান ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা জোরদার করা।