গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গোরের এমন বৈঠক কাম্য নয়: জামায়াত আমির
By বেঙ্গল টাইমস, রিপোর্টপ্রকাশ: ০২ আগস্ট ২০২৬,
একটি গণতান্ত্রিক দেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যকার বৈঠক কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১ আগস্ট) সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কূটনীতি ও বৈঠক নিয়ে আপত্তি
ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা তো ইন্ডিয়ায় বসে কথা বলতেই পারেন। তিনি (সার্জিও গোর) তো যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। এখানে এসে রাষ্ট্রদূতের (দীনেশ ত্রিবেদী) সঙ্গে কথা বলা, এটা যদি সৌজন্য সাক্ষাৎ হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে, সেটা (বাংলাদেশ) সরকারের সঙ্গেই হওয়া উচিত, বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সঙ্গে এটা আমাদের কাম্য না।’
উল্লেখ্য, সম্প্রতি ঢাকার একটি হোটেলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী একটি বৈঠক করেন।
নির্বাচন ও সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণের পর তারা উদ্বিগ্ন হয়েছেন। ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি বা কৌশল অব্যাহত থাকলে নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছা সম্পর্কে জনগণের মধ্যে আরও সংশয় তৈরি হতে পারে।
সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে তিনি দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়ম দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
গণভোটের বিষয়ে বিএনপির অবস্থান বদলের ব্যাখ্যা দাবি
গণভোটের বিষয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দলটি তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। তাঁর দাবি, আগে গণভোটের পক্ষে জোরালো মত দিলেও পরে কেন বিএনপি নিজেদের অবস্থান পরিবর্তন করল, সে বিষয়ে দলটির পক্ষ থেকে জনগণের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।