এইচএসসিতে অনুপস্থিতদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বরের ঘোষণা শিক্ষামন্ত্রীর
By স্টাফ রিপোর্টার | বেঙ্গল টাইমস, ঢাকা | ১৫ জুলাই ২০২৬
বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে থাকা দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যেসব পরীক্ষার্থী চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেননি, তারা সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তীতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
একই সুযোগ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
শিক্ষামন্ত্রী বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তাই বিশেষ পরিস্থিতি বিবেচনায় সরকার এই বিশেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি জানান, চলতি বছর সারা দেশে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।
সাম্প্রতিক ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই পাঁচ জেলার নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এছাড়া ঢাকা ও দেশের আরও কয়েকটি জেলায় জলাবদ্ধতা ও অন্যান্য কারণে কিছু শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি।
প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি ছিল। এ কারণে ওই দুটি প্রশ্নের জন্য সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।সাম্প্রতিক বন্যা, জলাবদ্ধতা ও পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সরকারের এই সিদ্ধান্ত পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি বয়ে আনবে বলে সংশ্লিষ্টদের ধারণা।