শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জনভোগান্তি চরমে
By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ১৪ জুলাই ২০২৬
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং শিক্ষামন্ত্রীর এক মন্তব্যকে ঘিরে ক্ষোভ প্রকাশ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করেন।মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এলাকা এবং সায়েন্সল্যাব মোড়ে এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা বিভিন্ন স্লোগান দেন এবং পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন।শিক্ষার্থীদের অভিযোগ, টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও যোগাযোগ সংকটের মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে হাজারো পরীক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন।
এছাড়া শিক্ষামন্ত্রীর একটি বক্তব্যে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ তুলে তারা এর প্রতিবাদ জানান এবং মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভের কারণে উত্তরা ও সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
আন্দোলনকারীরা এর আগে ঘোষণা দিয়েছিলেন যে, রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব ও মিরপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা বিক্ষোভ করবেন।
একই সঙ্গে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বাইরে বড় ধরনের কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি।
শিক্ষার্থীরা বলেন, প্রাকৃতিক দুর্যোগের বাস্তবতা বিবেচনায় না নিয়ে পরীক্ষা আয়োজন এবং তাদের প্রতি অবমাননাকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। তারা পরীক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নেওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ কয়েকটি দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।এ
বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বেঙ্গল টাইমস পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি পর্যবেক্ষণ করছে। নতুন কোনো সিদ্ধান্ত বা সরকারি প্রতিক্রিয়া পাওয়া গেলে এ প্রতিবেদন হালনাগাদ করা হবে।