হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ২৩, ২০২৬

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ফরিদপুর ডিবির ওসি প্রত্যাহার

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস,ফরিদপুর | ২৩ জুন ২০২৬

IMG_7367

ফরিদপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগের সাবেক কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুর ঘটনায় ডিবি সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ডিবি সদর জোন থেকে ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে একই দিন দুপুর ১টার মধ্যে ফরিদপুর পুলিশ লাইন্সে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

গত রোববার (২১ জুন) মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া মহল্লার বাসিন্দা ও ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৬) ডিবি হেফাজতে মৃত্যুবরণ করেন। তিনি পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

প্রান্তের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তার পরিবারের সদস্য, সহপাঠী এবং বিভিন্ন মহল থেকে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে একজন তরুণের মৃত্যুর ঘটনায় মানবাধিকারকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।