হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ১, ২০২৬

ভূমি অফিসের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার বিএনপি নেতার ভাঙারি দোকান থেকে।

By রাজবাড়ী প্রতিনিধি | বেঙ্গল টাইমস

IMG_6580

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে সংঘটিত চুরির ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। 

প্রশাসনের অভিযানে স্থানীয় এক বিএনপি নেতার ভাঙারি দোকান থেকে অফিসের চুরি যাওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকানে অবস্থানরত এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে।

রবিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার একটি ভাঙারি দোকান থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। 

দোকানটি স্থানীয় বিএনপি নেতা আইয়ুব আলী খানের মালিকানাধীন বলে জানা গেছে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতিও নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, ঈদের ছুটির আগে অফিসে তালা দিয়ে কর্মচারীরা চলে যান। ছুটি শেষে অফিস খোলার সময় কর্মকর্তারা দেখতে পান ভবনের বাইরে বৈদ্যুতিক তার ঝুলছে। সন্দেহ হলে ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান জানালা ও দরজার তালা ভাঙা এবং অফিসের বিভিন্ন মূল্যবান সরঞ্জাম উধাও। একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

দৌলতদিয়া ডিজিটাল ভূমি সেবা কর্মকর্তা মো. রাজিব প্রামাণিক জানান, অফিসের কম্পিউটার, ফ্যান, বৈদ্যুতিক তার, পানির মোটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।

পরে অভিযানে ভাঙারি দোকান থেকে চুরি যাওয়া ১১টি সামগ্রীর মধ্যে ৯টি উদ্ধার করা হয়। তবে এখনও কম্পিউটার মনিটর, সিসিটিভি ডিভিআরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার হয়নি।

অভিযানের সময় আইয়ুব আলী খানের ছোট ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া খান দাবি করেন, ভাঙারি ব্যবসায় বিভিন্ন ব্যক্তি নানা ধরনের মালামাল বিক্রি করতে নিয়ে আসে। সেগুলোর মধ্যে কোনটি চোরাই পণ্য, তা সবসময় শনাক্ত করা সম্ভব হয় না। তিনি বলেন, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তারা প্রশাসনকে সহযোগিতা করবেন।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, ভূমি অফিসে যেভাবে ভাঙচুর চালিয়ে মালামাল নিয়ে যাওয়া হয়েছে, তা সাধারণ চুরির চেয়ে অনেক বেশি গুরুতর ঘটনা। উদ্ধার হওয়া মালামাল ফেরত দেওয়ার পাশাপাশি বাকি সরঞ্জামও দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।