এক মাসে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ১২.৮২ কোটি টাকা জরিমানা আদায়, দ্বিগুণ রাজস্ব খড়্গপুর বিভাগে
By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস, প্রকাশ: ৪ জুলাই, ২০২৬
ভারতের দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর বিভাগে বিনা টিকিটে ভ্রমণের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ২০২৬ সালের জুন মাসে ১ লাখ ২১ হাজার ২৮৮ জন যাত্রী ধরা পড়েছেন।
তাদের কাছ থেকে জরিমানা বাবদ মোট ১২ কোটি ৮২ লাখ ২২ হাজার ৭৫০ টাকা (ভারতীয় রুপি) আদায় করা হয়েছে।
রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় জরিমানা থেকে আদায় হওয়া রাজস্ব প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৫ সালের জুন মাসে ৮৬ হাজার ১৭৯ জন যাত্রীর কাছ থেকে জরিমানা হিসেবে আদায় হয়েছিল ৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার ২৭০ টাকা।
সাম্প্রতিক সময়ে লোকাল ট্রেনের পাশাপাশি বন্দে ভারত, জনশতাব্দী এক্সপ্রেস এবং বিভিন্ন দূরপাল্লার সুপারফাস্ট ট্রেনের সংরক্ষিত কামরায়ও বিনা টিকিটে যাতায়াতের অভিযোগ বাড়তে থাকায় খড়্গপুর বিভাগ নিয়মিত বিশেষ তল্লাশি অভিযান জোরদার করে।জুনজুড়ে পরিচালিত অভিযানে ট্রেনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনেও তল্লাশি চালানো হয়।
খড়্গপুর, মেচেদা, তমলুক, হলদিয়া, দিঘা এবং পাঁশকুড়াসহ একাধিক স্টেশনে নিয়মিত অভিযান পরিচালনার ফলে বিপুল সংখ্যক বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা সম্ভব হয়েছে।রেল কর্তৃপক্ষ জানিয়েছে,
বিনা টিকিটে ভ্রমণ নিরুৎসাহিত করা, রাজস্ব সুরক্ষা এবং যাত্রীসেবার মান বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।