ক্রেতাশূন্য ঢাকার কোরবানির হাট, লোকসানের শঙ্কায় গরু ব্যবসায়ীরা।
By মনিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমসঢাকা, ২৬ মে ২০২৬
রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এবার জমে ওঠেনি প্রত্যাশিত বেচাকেনা। ঈদুল আজহা সামনে থাকলেও ঢাকার বড় বড় পশুর হাটে ক্রেতার উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। অন্যদিকে ক্রেতাদের বড় অংশ গরুর দাম আরও কমানোর দাবি করছেন। ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসা ব্যবসায়ীরা।
রাজধানীর গাবতলী গরুর হাট, আফতাব নগর হাট এবং উওরা দিয়াবাড়ী হাট ঘুরে এমন চিত্রই দেখেছেন বেঙ্গল টাইমসের সংবাদদাতারা।
হাটে আসা ব্যবসায়ীদের অভিযোগ, পরিবহন খরচ, খাবার ও পরিচর্যার ব্যয় বাড়লেও সেই তুলনায় বিক্রি নেই। অনেকেই আশঙ্কা করছেন, শেষ পর্যন্ত গরু বিক্রি করে লাভ তো দূরের কথা, মূলধন তুলতেই হিমশিম খেতে হতে পারে।
কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসা এক ব্যবসায়ী বলেন, “গত বছর এই সময় হাটে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবার মানুষ আসছে কম, যারা আসছে তারাও অনেক কম দাম বলছে। এভাবে চললে বড় লোকসান হবে।”
শুধু কম বেচাকেনাই নয়, পথে পথে চাঁদাবাজির অভিযোগও তুলেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন এলাকায় গরুবাহী ট্রাক থামিয়ে অতিরিক্ত টাকা আদায়ের কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে বলে দাবি তাদের। এতে করে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি চাপে পড়েছেন।
হাট ঘুরে দেখা গেছে, অনেক বিক্রেতা সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না। কেউ কেউ আবার গরুর খাবার ও নিরাপত্তা খরচ বাড়ায় অতিরিক্ত উদ্বেগে রয়েছেন।
ক্রেতাদের একটি অংশ বলছেন, বাজার পরিস্থিতি ও অর্থনৈতিক চাপের কারণে তারা আগের মতো বেশি দামে পশু কিনতে আগ্রহী নন। অনেকেই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছেন দাম আরও কমার আশায়।
ব্যবসায়ীরা বলছেন, দ্রুত বাজারে ক্রেতা না বাড়লে এবারের কোরবানির পশুর ব্যবসা তাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।