সাংবাদিক বৈঠক নয়, দিল্লির অনুষ্ঠানে শুধু ধন্যবাদ জানাবেন শেখ হাসিনা: মিডিয়া টিম
By বেঙ্গল টাইমস ডেস্ক, প্রকাশ: ৩ আগস্ট ২০২৬
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। তবে এ অনুষ্ঠানে তিনি কোনো সাংবাদিক সম্মেলন করবেন না কিংবা রাজনৈতিক বক্তব্য দেবেন না বলে জানিয়েছে তাঁর মিডিয়া টিম।
মিডিয়া টিমের দাবি, অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত হবে এবং তিনি উপস্থিত দেশি-বিদেশি সাংবাদিকদের উদ্দেশে কেবল ধন্যবাদ জ্ঞাপন করবেন। কোনো রাজনৈতিক মন্তব্য বা সমসাময়িক ইস্যুতে বক্তব্য দেওয়ার পরিকল্পনা নেই।
একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বেও তিনি অংশ নেবেন না।শেখ হাসিনার মিডিয়া টিমের এক সদস্যের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও বক্তব্য বিভিন্ন সময় গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।
সেই কারণেই সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে তিনি ভার্চুয়ালি কয়েক মিনিটের বক্তব্য দেবেন।
মিডিয়া টিম আরও জানায়, অনুষ্ঠানের আয়োজকেরা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করছেন।
তাদের অনুরোধেই শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য সাংবাদিক সম্মেলন এবং রাজনৈতিক বক্তব্য নিয়ে নানা জল্পনা তৈরি হলেও তাঁর মিডিয়া টিম সেসব তথ্য নাকচ করেছে।
এদিকে, অনুষ্ঠানের প্রচারপত্র বা ই-কার্ডে ব্যবহৃত কিছু ভাষা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও দাবি করেছে মিডিয়া টিম। তাদের মতে, পরবর্তীতে ই-কার্ডে সংশোধন এনে স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনা কেবল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ভার্চুয়ালি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানও অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হতে পারেন বলে জানা গেছে।
তবে মিডিয়া টিমের দাবি, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সম্ভাবনা থাকলে তা সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রেই হতে পারে, শেখ হাসিনার নয়।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনা ভারত অবস্থান করছেন। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও দলীয় অনুষ্ঠানে তিনি একাধিকবার ভার্চুয়ালি অংশ নিয়েছেন। ফলে ৫ আগস্টের এই অনুষ্ঠানকে তাঁর প্রথম ভার্চুয়াল প্রকাশ্য উপস্থিতি হিসেবে দেখার সুযোগ নেই বলে সংশ্লিষ্টরা মনে করছেন।