১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি
By বেঙ্গল টাইমস ডেস্ক, গোপালগঞ্জ | ১৫ জুলাই ২০২৬
গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার বর্ষপূর্তিকে সামনে রেখে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
একই সঙ্গে র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ টহল পরিচালনা করছেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির সদস্যরা অবস্থান নেন এবং নিয়মিত টহল শুরু করেন।
শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে অতিরিক্ত পুলিশি চেকপোস্ট। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সাংবাদিকদের বলেন, “১৬ জুলাইকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি টহল দিচ্ছে। তাদের সঙ্গে র্যাব ও পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছে।”উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির একটি পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই সহিংসতায় পাঁচজন নিহত হন এবং বহু মানুষ আহত হন।সেই ঘটনার এক বছর পূর্তিকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন, “গোপালগঞ্জকে অন্য জেলার তুলনায় আলাদাভাবে দেখা হচ্ছে না। গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। ১৬ জুলাইকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এদিকে পুলিশ জানিয়েছে, বুধবার মিছিল করার সময় কাশিয়ানী উপজেলায় ১৫ জন এবং গোপালগঞ্জ সদর এলাকায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।