হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি, বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা
By স্টাফ রিপোর্টার, বেঙ্গল টাইমস
হবিগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করে এনসিপি।
একই সময় ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, একই স্থানে দুই পক্ষের কর্মসূচির কারণে বিপুল সংখ্যক নেতা-কর্মীর সমাগম এবং সহিংস সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।
এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনশান্তি বিঘ্নিত হওয়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকার মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, পিকেটিং, মাইকিং বা উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও কৌশলগত স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।