হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৪, ২০২৬

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে RAB এর বিশেষ নিরাপত্তা, নজরদারি ও সাইবার পেট্রোলিং জোরদার

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | প্রকাশ: ৪ আগস্ট ২০২৬

IMG_8645

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে অনুষ্ঠিতব্য বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি গোয়েন্দা নজরদারি, টহল এবং সাইবার পর্যবেক্ষণ আরও জোরদার করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্রবিরোধী যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আগে থেকেই সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা হয়েছে।র‌্যাব জানায়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

পাশাপাশি সম্ভাব্য ঝুঁকির আগাম তথ্য সংগ্রহে স্থানীয় যোগাযোগব্যক্তি, ইনফর্মার ও অন্যান্য গোয়েন্দা উৎসকে সক্রিয় রাখা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, ৪ আগস্ট রাত থেকেই বিভিন্ন অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত পথ এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা গুরুত্বপূর্ণ স্থান ও যাতায়াতের রুটে নজরদারি চালাবেন। 

RAB বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্ভাব্য নাশকতা ঠেকাতে দিবসটির অন্তত এক সপ্তাহ আগে থেকেই দেশের বিভিন্ন জেলায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

RAB বলেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।