ধানমন্ডি থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
By নিজস্ব প্রতিবেদন
ঢাকা: আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবৈধভাবে কারাগারে বন্দি সকল রাজবন্দীর মুক্তি এবং ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ধানমন্ডি থানা ছাত্রলীগ।সোমবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি ইসমাইল জামিউল্লা শান্ত এবং সাধারণ সম্পাদক শাকিল-এর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি ৩২ এলাকায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় বাতিল সহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি এবং “গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার” ফিরিয়ে দেওয়ার দাবি জানান।সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে ছাত্রলীগের বহু নেতাকর্মী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না। রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অনেক শিক্ষার্থী ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি ইসমাইল জামিউল্লা শান্ত বলেন,“শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর মৌলিক অধিকার। রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো শিক্ষার্থীকে ক্লাস-পরীক্ষা থেকে বঞ্চিত করা গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। আমরা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে চাই।”সাধারণ সম্পাদক শাকিল বলেন,“আমাদের এই আন্দোলন শুধু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পুনর্বহালের জন্য নয়, বরং সকল রাজবন্দীর মুক্তি এবং ছাত্রলীগের নেতাকর্মীদের স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করার দাবিতেও।”কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, রাজনৈতিক সহনশীলতা ও শিক্ষার পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। একই সঙ্গে তারা দ্রুত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।