হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ২৮, ২০২৬

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ, পুনঃস্থাপনের দাবি

By নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল টাইমস

IMG_8478

ঝিনাইদহ: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসমাপ্ত ভাস্কর্য অপসারণের প্রতিবাদ এবং সেটি পূর্বের স্থানে পুনঃস্থাপনের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

সোমবার সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা শহরের বাস টার্মিনাল সংলগ্ন ভাস্কর্যের স্থান পরিদর্শন করেন। পরে তারা জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে ভাস্কর্যটি পুনঃস্থাপন এবং ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এরপর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভাস্কর্যের স্থান বাস টার্মিনাল চত্বরে গিয়ে শেষ হলে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতিবিজড়িত স্থাপনা সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব।

তারা সরকারের প্রতি আহ্বান জানান, ভাস্কর্যটি দ্রুত একই স্থানে পুনঃস্থাপন এবং মুক্তিযুদ্ধের স্মারক ও স্থাপনাগুলোর যথাযথ সংরক্ষণ নিশ্চিত করতে।জানা যায়, ঝিনাইদহ শহরের প্রবেশমুখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মরণে একটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।

২০১২ সালে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হলেও দীর্ঘদিন কাজ বন্ধ থাকার কারণে ভাস্কর্যটি অসমাপ্ত অবস্থায় পড়ে থাকে এবং কখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ভাস্কর্যটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

চলতি মাসের মাঝামাঝি সময়ে পুনরায় ভাস্কর্যটি অপসারণের কাজ শুরু হলে বিষয়টি জনসম্মুখে আসে এবং গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে ১৯ জুলাই থেকে অপসারণের কাজ স্থগিত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।প্রতিবাদকারীরা অবিলম্বে ভাস্কর্যটি পুনঃস্থাপন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর শহীদদের স্মৃতিবিজড়িত সকল স্থাপনার নিরাপত্তা ও সংরক্ষণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।