হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ৭, ২০২৬

হামের প্রকোপে শিশু মৃত্যুর প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ: ইউনূস–নুরজাহানের শাস্তির দাবি

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস

e23d3cbf-ea10-494e-967d-4046e47a547f

ঢাকা: সারা দেশে হামের প্রকোপ ও আশঙ্কাজনক হারে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র সংগঠন “ছাত্র মৈত্রী”। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার অব্যবস্থাপনা, টিকাদান কার্যক্রমে চরম দুর্বলতা এবং প্রশাসনিক উদাসীনতার কারণেই হামের সংক্রমণ আজ ভয়ংকর রূপ নিয়েছে। তারা দাবি করেন, এই অকাল শিশু মৃত্যুর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না।

বিক্ষোভকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ এনে তাদের জবাবদিহি ও শাস্তির দাবি জানান। সমাবেশে প্রতিবাদী জনতাকে “শিশু মৃত্যুর দায় কার?”, “স্বাস্থ্যখাতে অবহেলা বন্ধ করো” এবং “হামের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চাই” সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করতে দেখা যায়।

ছাত্র মৈত্রীর নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশের শিশুরা যখন প্রতিরোধযোগ্য রোগে মারা যাচ্ছে, তখন সরকারের নীরব থাকার সুযোগ নেই। অবিলম্বে জরুরি স্বাস্থ্যসেবা জোরদার, গণটিকাদান কর্মসূচি সম্প্রসারণ এবং গাফিলতির দায়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তারা জানান, দ্রুত দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।