হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | ৯ জুলাই ২০২৬

IMG_8032

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেকও বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ,

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

তিনি একটি করে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন।পরে প্রধানমন্ত্রী রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষমেলা ও পরিবেশ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ, বনায়ন, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা এবং টেকসই সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ বছরের পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান আয়োজন করা হয়েছে।