হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১১, ২০২৬

বন্যাদুর্গতদের সহায়তায় সর্বোচ্চ তৎপরতার নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রশাসনের সঙ্গে সারাদিন যোগাযোগ

By নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১১ জুলাই ২০২৬

IMG_8077

সারাদেশে টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১০ জুলাই) দিনব্যাপী তিনি বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এ সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন।

উদ্ধার, ত্রাণ, চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার নারী ও শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে গর্ভবতী নারী, নবজাতক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া বন্যাকবলিত এলাকার মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসেবা, আশ্রয় এবং অন্যান্য জরুরি মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এদিকে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যাদুর্গত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছেন। সরকার জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।