ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণে বের হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নিজেই গাড়ি চালিয়ে ঘুরলেন শহরের বিভিন্ন সড়ক
By স্টাফ রিপোর্টার | ঢাকা, ২৯ মে ২০২৬
রাজধানী ঢাকার কোরবানির পর বর্জ্য অপসারণ কার্যক্রম কতটা কার্যকরভাবে চলছে—তা সরেজমিনে দেখতে নিজেই শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বিকাল ৪টার দিকে তিনি নিজে গাড়ি চালিয়ে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি বলেন, “কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঠিকভাবে চলছে কিনা তা যাচাই করতে প্রধানমন্ত্রী নিজেই বের হন এবং বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। তিনি নিজে গাড়ি চালিয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।”
সরকারি সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়িবহর গুলশানের বাসা থেকে যাত্রা শুরু করে গুলশান-১ মোড়, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবোসহ রাজধানীর বেশ কয়েকটি ব্যস্ত এলাকা অতিক্রম করে।
এরপর কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, নারিন্দা ও গুলিস্তান হয়ে শাহবাগ, এলিফেন্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং নিউ মার্কেট পর্যন্ত বিভিন্ন সড়কের অবস্থা পর্যবেক্ষণ করা হয়।
পরে তিনি মিরপুর রোড, ধানমন্ডি, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালীসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার সড়ক পরিস্থিতিও ঘুরে দেখেন। পথ চলার সময় তিনি ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামান বলেও জানানো হয়েছে।সরকারি ধারণা অনুযায়ী, এ বছর ঢাকায় প্রায় সাত লাখ পশু কোরবানি হয়েছে, যার ফলে ৫৫ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হয়েছে। এই বিপুল পরিমাণ বর্জ্য দ্রুত অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন গত দুই দিন ধরে কাজ চালিয়ে যাচ্ছে।