দোকানে ফেলে যাওয়া ব্যাগে মিলল প্রেসারকুকার আকৃতির বোমা, নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিষ্ক্রিয়
By স্টাফ রিপোর্টার | বেঙ্গল টাইমস, ঢাকা | ৩১ জুলাই ২০২৬
ঢাকার আশুলিয়ায় একটি চায়ের দোকানের বেঞ্চে ফেলে রাখা একটি পরিত্যক্ত ব্যাগ থেকে প্রেসারকুকার আকৃতির বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।শুক্রবার (৩১ জুলাই) সকালে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’-এর সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা।
দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে সন্দেহ হলে সেটি পরীক্ষা করে ভেতরে প্রেসারকুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান তারা। পরে আতঙ্কিত হয়ে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং প্রাথমিকভাবে বস্তুটি বিস্ফোরক হতে পারে বলে ধারণা করে।
পরে বিষয়টি ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়।বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বস্তুটি উদ্ধার করে।
পরে আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু রোড এলাকায় ইউনাইটেড গার্মেন্টস সংলগ্ন আমির সরকারের হাউজিংয়ের ভেতরের একটি ফাঁকা প্লটে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় বাসিন্দা আজিজুল হক জানান, প্রথমে ব্যাগটিকে সাধারণ পরিত্যক্ত ব্যাগ মনে হলেও দীর্ঘ সময় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়।
পরে ব্যাগটি পরীক্ষা করে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন। তার মতে, স্থানীয়দের দ্রুত পদক্ষেপে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কে বা কারা এটি সেখানে রেখে গেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।