হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১২, ২০২৬

সাভারে প্রেসার কুকার বোমার নিয়ন্ত্রিত বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে উঠল এলাকা

By বেঙ্গল টাইমস | সাভার প্রতিনিধি, প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ৫:১৭ PM

IMG_8900

সাভারে একটি পরিত্যক্ত মাঠ থেকে উদ্ধার হওয়া সন্দেহজনক প্রেসার কুকারটি শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার বিকেলে বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে বিস্ফোরণ ঘটানো হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদ সংলগ্ন একটি মাঠে একটি নীল প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে কয়েকজন অপরিচিত ব্যক্তি ড্রামটি সেখানে রেখে চলে যায়।

পরদিন সকালে কৌতূহলবশত ড্রামটি খুলে ভেতরে কাপড়চোপড়, একটি কোরআন শরিফ এবং একটি প্রেসার কুকার দেখতে পান স্থানীয়রা।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ভবানীপুর ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলেন। একই সঙ্গে ঢাকায় খবর পাঠানো হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে।

বুধবার দুপুরে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে দেয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে বিশেষ প্রক্রিয়ায় প্রেসার কুকারটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক তৈরি হয়।

তবে কে বা কারা ওই বস্তুটি সেখানে রেখে গেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সাভার মডেল থানা পুলিশ।

এদিকে, এর আগে মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলা থেকে পাঁচটি পাইপবোমা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে পুলিশ।

অভিযানকালে ওই ভবন থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, রাসায়নিক পদার্থ, গানপাউডার ও বোমাসদৃশ বস্তু উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আলামতগুলো ঢাকায় নিয়ে যায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

অন্যদিকে, বুধবার সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের কাছেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে পটকা বলে ধারণা করছে। ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।একই দিনে সাভার ও বরিশালের এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ঘটনাগুলোর প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।