হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ২১, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস

IMG_8379

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি কামনা করেন এবং বাংলাদেশ–যুক্তরাজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ তার নেতৃত্বের প্রতি দল ও যুক্তরাজ্যের জনগণের আস্থার প্রতিফলন।

তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্বশান্তি, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক সুশাসন এবং বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগের ভিত্তিতে দুই দেশের অংশীদারিত্ব গড়ে উঠেছে।

তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। একই সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের মধ্যে বন্ধুত্বের গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন এবং উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

পাশাপাশি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ এবং প্রধানমন্ত্রী হিসেবে সফল দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।উল্লেখ্য, সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যান্ডি বার্নহ্যাম।

তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে কূটনৈতিক মহল আশা প্রকাশ করছে।