হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৪, ২০২৬

প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | ৪ জুলাই, ২০২৬

IMG_7810

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাইয়ের আত্মত্যাগ এবং ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এটি দেশের মানুষের সম্মিলিত সংগ্রামের ফল।

তিনি বলেন, প্রতিশোধের রাজনীতি নয়, জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে।শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে এবং যারা অন্যায় ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে। তবে বিচারের নামে যেন কোনো নিরপরাধ ব্যক্তি অবিচারের শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জাতিকে বিভক্ত করে উন্নয়ন সম্ভব নয়। সরকারের লক্ষ্য দেশের উন্নয়ন এবং জনগণের জীবনমানের অগ্রগতি নিশ্চিত করা।

একই সঙ্গে তিনি বলেন, কোনো শক্তিই যেন দেশের অগ্রযাত্রা ও রাষ্ট্রগঠনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, গত ১৭ বছরে তিনি এবং তাঁর পরিবার নানা ধরনের নির্যাতন, মানসিক কষ্ট ও সহকর্মীদের হারানোর বেদনার মধ্য দিয়ে গেছেন। তবু প্রতিশোধ নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠনের পথেই এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, যদি তাঁর মাকে জিজ্ঞেস করা হতো অতীতের অন্যায়-নির্যাতনের প্রতিশোধ নেওয়া উচিত কি না, তবে তিনি প্রতিহিংসার পরিবর্তে দেশকে এগিয়ে নেওয়ার কথাই বলতেন। একইভাবে তাঁর ভাইও একই পরামর্শ দিতেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।বক্তব্যের শেষদিকে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঐক্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।