বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আস্থার পরিবেশ তৈরির তাগিদ প্রধানমন্ত্রীর
By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল নিজস্ব প্রতিবেদক | ১০ আগস্ট ২০২৬ |
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর ও গতিশীল করতে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ গুরুত্বারোপ করেন।
বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর ঢাকায় তাঁর প্রথম দুই মাসের অভিজ্ঞতা ও বিভিন্ন পর্যায়ের কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও বাড়ানো এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে অগ্রগতি আনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রত্যাশা পুনর্ব্যক্ত করা হয়।
এ ছাড়া শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। এ বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করে বাংলাদেশ তার আগের অনুরোধের কথা পুনরায় তুলে ধরে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক ও বহুমাত্রিক।
এই সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্তিশালী করতে হলে উভয় দেশের জন্য একটি ইতিবাচক, স্থিতিশীল ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ ও আস্থাকে গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরও জোর দেন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ সরকার ও ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।