মানুষের কথা ও পরিবেশ বুঝে কাজ করবে ওপেনএআইয়ের নতুন এআই ডিভাইস
By প্রযুক্তি ডেস্ক | বেঙ্গল টাইমস, ঢাকা | ১৫ জুলাই ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তিকে আরও ব্যক্তিগত ও ব্যবহারবান্ধব করতে নতুন হার্ডওয়্যার ডিভাইস তৈরির কাজ করছে ওপেনএআই।
প্রতিষ্ঠানটির প্রথম ভোক্তাপণ্য হিসেবে বাজারে আসতে পারে স্ক্রিনবিহীন একটি স্মার্ট এআই ডিভাইস, যা ব্যবহারকারীর কথাবার্তা, আশপাশের পরিবেশ এবং পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সক্ষম হবে।
মঙ্গলবার প্রকাশিত ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, ডিভাইসটি দেখতে অনেকটা স্মার্ট স্পিকারের মতো হলেও এটি প্রচলিত ভয়েস অ্যাসিস্ট্যান্টের তুলনায় অনেক বেশি উন্নত এআই প্রযুক্তিনির্ভর হবে।
বর্তমানে এটি উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং ঘরের ভেতর ব্যক্তিগত এআই সহকারী হিসেবে কাজ করার লক্ষ্যেই এটি তৈরি করা হচ্ছে।
নতুন ডিভাইসটির মাধ্যমে স্মার্ট হোমের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ন্ত্রণ, গান ও ভিডিও চালানো, ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়া, বার্তার জবাব পাঠানো এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটি-এর বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে।
এতে ক্যামেরা এবং একাধিক সেন্সর সংযুক্ত থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীর আশপাশের পরিবেশ ও প্রাসঙ্গিক পরিস্থিতি বিশ্লেষণ করে আরও স্বাভাবিক ও বুদ্ধিমান প্রতিক্রিয়া দিতে পারবে ডিভাইসটি। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি প্রচলিত স্মার্ট স্পিকার থেকে এক ধাপ এগিয়ে ব্যবহারকারীর দৈনন্দিন কাজের আরও কার্যকর সহযোগী হিসেবে কাজ করতে পারে।
প্রকল্পটি বাস্তবায়নে ওপেনএআইয়ের সঙ্গে কাজ করছে অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভ প্রতিষ্ঠিত ডিজাইন প্রতিষ্ঠান লাভফ্রম (LoveFrom)। এছাড়া আইফোন, ম্যাকসহ অ্যাপলের বিভিন্ন পণ্য উন্নয়নে কাজ করা বেশ কয়েকজন সাবেক ডিজাইনার ও প্রকৌশলীও এই প্রকল্পে যুক্ত রয়েছেন। উল্লেখ্য, গত বছর ওপেনএআই প্রায় ৬.৫ বিলিয়ন মার্কিন ডলারে এআই ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান io অধিগ্রহণ করে। সেই অধিগ্রহণের ধারাবাহিকতায় তৈরি হওয়া এই নতুন হার্ডওয়্যারকে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রযুক্তি সংশ্লিষ্টদের ধারণা, ডিভাইসটি সফল হলে এটি ওপেনএআইয়ের জন্য সফটওয়্যারভিত্তিক সেবার বাইরে নতুন আয়ের উৎস তৈরি করতে পারে।