রূপপুরে দুই রুশ নাগরিকের সংঘর্ষে নিহত ১, আহত ১মদ্যপ অবস্থায় বাগ্বিতণ্ডার জেরে রূপ নেয় সংঘর্ষে; তদন্তে পুলিশ
By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, পাবনা | প্রকাশ: ৩ আগস্ট ২০২৬
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন রুশ নাগরিক। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
সোমবার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের আবাসিক এলাকা গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম কুদরিন সার্গেই।
তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেম-এ আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন।
আহত অপর রুশ নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের প্রথমে গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাবনার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের পথে কুদরিন সার্গেইর মৃত্যু হয়।ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও কর্মীরা দায়িত্ব পালন করছেন। বিদেশি কর্মীদের আবাসিক এলাকায় এ ধরনের সহিংস ঘটনার পর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।