“এই বাংলাদেশ, তুমি কাকে জন্ম দিচ্ছ?”
By অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক।
এই বাংলাদেশ—তুমি আর গুণী সন্তান জন্ম দিও না!তুমি জন্ম দিও না সেই সন্তান,যে ১৪ বছর জেল খেটে ইতিহাস হয়ে ওঠে,তুমি জন্ম দিও না আর কোনো বঙ্গবন্ধু,যে উচ্চারণ করবে মুক্তির মন্ত্র,ভাঙবে শৃঙ্খল, জাগাবে ঘুমন্ত জাতি!
তুমি জন্ম দিও না জিয়া—যে ঝড়ের ভিতর দাঁড়িয়ে বলে “আমি আছি”,তুমি জন্ম দিও না মানবিক সেই ডাক্তার কামরুল হাসান,যার হাতের স্পর্শে দুই হাজার প্রাণ ফিরে পায় আলো,
যে নিজের জীবনকে বিলিয়ে দেয় মানুষের জন্য!তুমি জন্ম দিও না বীর মুক্তিযোদ্ধা,বীর শ্রেষ্ঠ, বীরোত্তম, বীর প্রতীক তারামন বিবি—কারণ আজ বীরত্বের মূল্য নেই,আজ সত্যের কণ্ঠ রুদ্ধ, ইতিহাস লাঞ্ছিত!
তুমি জন্ম দিও না লাখ লাখ টগবগে তরুণ,যারা রক্ত দিয়ে রক্ষা করবে মানচিত্র,কারণ আজ তাদের জন্য নেই সম্মান,নেই পথ, নেই স্বপ্নের নিশ্চয়তা!
তুমি জন্ম দিও না মানুষ গড়ার কারিগর শিক্ষক,যে আলোর প্রদীপ জ্বালাবে—কারণ আজ শিক্ষা বিক্রি হয়,মানুষ গড়া হয় না, শুধু ডিগ্রি তৈরি হয়!তুমি জন্ম দিও না কবি, লেখক, সাংবাদিক
যারা সত্য লিখবে, অন্যায় দেখবে, প্রতিবাদ করবে,কারণ আজ কলমের কালি ভয় পায়,সত্যের শব্দ বন্দী থাকে অন্ধকারে!
তুমি জন্ম দিও না সাহসী শেখ হাসিনা,তুমি জন্ম দিও না ৭ মার্চের সেই বজ্রকণ্ঠ,যে এক ডাকে জাতিকে জাগাবে—কারণ আজ সাহসের চেয়ে নীরবতা বেশি নিরাপদ!
তুমি জন্ম দিও না খুদিরাম, সূর্যসেন,মওলানা ভাসানী, শেরে বাংলা—কারণ আজ নেতৃত্ব মানে আপস,আদর্শ মানে ভণ্ডামির মুখোশ!
তুমি জন্ম দিও না জেনারেল ওসমানী, শহীদ মতিউর,তুমি জন্ম দিও না নূর হোসেনের মতো আগুন—কারণ আজ রক্তের দাগ মুছে ফেলা হয়,ইতিহাস লেখা হয় সুবিধার কালি দিয়ে!
তুমি জন্ম দিও না সাহসী বিচারক,সত্যবাদী মুফতি, বিবেকবান মানুষ—কারণ আজ ন্যায়ের দাঁড়িপাল্লা কাঁপে,বিবেক বিক্রি হয় ক্ষমতার বাজারে!তুমি জন্ম দিও না সেই রত্নগর্ভা মা,যার কোল আলো করে জন্ম নেয় বীর সন্তান—
কারণ আজ সেই সন্তানদের অপমানিত হতে হয়,তাদের স্বপ্ন ভেঙে পড়ে অবহেলার দেয়ালে!তুমি জন্ম দিও না প্রতিবাদী কণ্ঠস্বর,সাহসী মজুর, তেজোদীপ্ত কমরেড—কারণ আজ শ্রমের মূল্য নেই,
সত্যের কণ্ঠ চাপা পড়ে লোভের বুটের নিচে!তুমি জন্ম দিও না সৎ ব্যবসায়ী,সৎ রাজনীতিবিদ, সৎ পড়শি—কারণ সততা আজ একা দাঁড়িয়ে থাকে,তার পাশে কেউ নেই, শুধু ব্যর্থতার হাসি!
ধিক্কার! ধিক্কার এই সমাজকে—যেখানে ভালো মানুষ বেঁচে থাকতে পারে না,যেখানে সত্য হারায়, মিথ্যা জিতে যায়,যেখানে মুক্তিযুদ্ধের চেতনাস্বাসান্নে রূপান্তরিত হয় ক্ষমতার খেলায়!
তাই বাংলাদেশ—তুমি জন্ম দাও বিশ্ব বাটপার, বিশ্ব বেহায়া,তুমি জন্ম দাও মুখোশধারী মানুষ,কারণ তাদের জন্য জবাবদিহি নেই,তাদের জন্য ইতিহাস প্রশ্ন করে না!কিন্তু শুনে রাখো—
এই মাটির গভীরে এখনো আগুন আছে,এই জাতির রক্তে এখনো বিদ্রোহ বেঁচে আছে,একদিন আবার জন্ম নেবে—
একজন বঙ্গবন্ধু,একজন তারামন,একজন নূর হোসেন,একটি নতুন প্রজন্ম—যারা বলবে—“এই অন্যায় চলবে না!”