হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ২৬, ২০২৬

পদত্যাগী রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা:

IMG_8438

সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের তোলা অভিযোগে আমলে নেওয়ার মতো কোনো বিষয় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক মতপ্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা রয়েছে, তবে অভিযোগের যথেষ্ট আইনগত ভিত্তি থাকতে হবে।

রোববার সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পরে আমরা প্রত্যাশা করি রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে।

সেটি রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপিসহ অন্যরা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন। কিন্তু আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে নেই।”

স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ

গত শুক্রবার স্বাস্থ্যগত জটিলতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

পদত্যাগপত্রে সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন।

এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ ধরা পড়েছে।

এসব কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।

গ্রেপ্তারের দাবি, সরকারের অবস্থান

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানায়।

তবে এসব দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং আইন অনুযায়ী তিনি যে সাংবিধানিক সুরক্ষা ও সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, তা তিনি পাবেন।

তিনি বলেন, “তিনি আইনানুগভাবে দায়িত্ব পালন করেছেন। সংবিধান অনুযায়ী তিনি যে প্রিভিলেজ বা সুরক্ষা পাওয়ার অধিকারী, তা পাবেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময়কার বিষয়ে ফৌজদারি আলোচনা করার সুযোগ নেই।

তবে দায়িত্বের বাইরের কোনো বিষয়ে কেউ বক্তব্য দিতে পারেন, সেটি তাদের স্বাধীনতা।

কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখছি না।”মন্ত্রী আরও জানান, বিধান অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি ছয় মাস বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা সুবিধা পাবেন।

পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পুলিশ পদক প্রদান হবে যাচাই শেষে

এদিকে গত মে মাসে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঘোষিত পুলিশ পদক প্রদান স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদকের তালিকা তড়িঘড়ি করে প্রস্তুত করা হয়েছিল। পর্যালোচনায় সেখানে কিছু ত্রুটি ও অনিয়ম ধরা পড়েছে।তিনি জানান, তালিকাটি পুনরায় যাচাই-বাছাই করে বিশুদ্ধ করার কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলে দ্রুতই পদক প্রদান করা হবে।

অলি আহমেদের মন্তব্যে প্রতিক্রিয়া: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের “তিন নেতা এক হলে এই সরকার এক সপ্তাহও টিকবে না” মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন,“উনি এক সপ্তাহ পরে কী বলেন, সেটাই অপেক্ষা করে দেখি।”