হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ২৭, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে পশুর হাট নয়, বৃষ্টিতে সাময়িক আশ্রয় — দাবি প্রতিমন্ত্রীর।

By মনিরুল ইসলাম  |  স্টাফ রিপোর্ট  |  ঢাকা, ২৭ মে ২০২৬ 

IMG_6312

রাজধানীর দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচে কোনো পশুর হাটের ইজারা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, টানা বৃষ্টির কারণে কয়েকজন পশু ব্যবসায়ী সাময়িকভাবে সেখানে আশ্রয় নিয়েছিলেন, পরে প্রশাসনের সহযোগিতায় তাদের সরিয়ে দেওয়া হয়।

বুধবার (২৭ মে) বিকেলে দিয়াবাড়ি মেট্রো স্টেশন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ওই স্থানে কোনো হাটের অনুমোদন বা ইজারা দেওয়া হয়নি। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিছু পশুর মালিক দুদিনের জন্য সেখানে অবস্থান নিয়েছিলেন মাত্র।

তিনি জানান, বিষয়টি নজরে আসার পর সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং ম্যাজিস্ট্রেটের সহায়তায় পশুগুলো সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ইজারাদারকে জরিমানাও করা হয়েছে। বর্তমানে সেখানে জমে থাকা পশুর বর্জ্য অপসারণের কাজ চলছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে মীর শাহে আলম বলেন, কয়েকদিন আগের ভিডিও নতুন করে ছড়িয়ে সরকারকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। তিনি সবাইকে সরেজমিনে গিয়ে বাস্তব পরিস্থিতি দেখার আহ্বান জানান।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দিয়াবাড়ির নির্ধারিত পশুর হাটটি মেট্রো স্টেশন এলাকা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত এবং সেখানেই নিয়মিত পশু ক্রয়-বিক্রয় চলছে।

তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর আশপাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য যাচাই ছাড়া এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।

পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।