হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৭, ২০২৬

বেলুচিস্তানে নিরাপত্তা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য; অপহৃত ৫

By আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গল টাইমস, কোয়েটা, ৭ জুলাই ২০২৬:

IMG_7960

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে আবারও প্রাণঘাতী সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। প্রদেশটির জিয়ারাত জেলায় একটি নিরাপত্তা ক্যাম্পে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দুইজন স্টেশন হাউস অফিসার (এসএইচও) পর্যায়ের কর্মকর্তাসহ অন্তত ৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

একই সঙ্গে হামলাকারীরা ৫ জন নিরাপত্তা সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার গভীর রাতে জিয়ারাত জেলার মাঙ্গি ফেজ-৩ এলাকায় একটি বাঁধ নির্মাণ প্রকল্পের কাছে স্থাপিত নিরাপত্তা ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ক্যাম্পে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী তীব্র গোলাগুলি হয়।

জিয়ারাত জেলার পুলিশ সুপার আবদুল কুদ্দুস হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হামলায় এখন পর্যন্ত ৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং ৫ জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। অপহৃত সদস্যদের উদ্ধারে অভিযান চলছে।

এখনও পর্যন্ত কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের নিরাপত্তা মহলে সন্দেহ করা হচ্ছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। অন্যদিকে কয়েকটি সূত্রের দাবি, বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)-ও এই হামলার পেছনে থাকতে পারে। তবে এসব দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হামলার পরপরই পাকিস্তানের ফ্রন্টিয়ার কোর, বেলুচিস্তান পুলিশ, কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি), স্পেশাল অপারেশনস উইং এবং অ্যান্টি-টেরোরিজম ফোর্স যৌথভাবে পাল্টা অভিযান শুরু করে।নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, অভিযানে অন্তত ১৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এ তথ্য এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।বর্তমানে এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপহৃত পাঁচ নিরাপত্তা সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি তৎপরতার কারণে পাকিস্তানের অন্যতম অস্থিতিশীল অঞ্চল হিসেবে পরিচিত। প্রদেশটিতে নিরাপত্তা বাহিনী, সরকারি স্থাপনা এবং অবকাঠামো প্রকল্পকে লক্ষ্য করে প্রায়ই সশস্ত্র হামলার ঘটনা ঘটে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।