বিতর্কের পর ব্যাখ্যা দিলেন নিলোফার মনি: ‘জুলাই গণঅভ্যুত্থানকে ডিজাইন করা আন্দোলন বলিনি’
By বেঙ্গল টাইমস ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনা ও বিতর্কের পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
তিনি দাবি করেছেন, তাঁর বক্তব্যের একটি অংশ কেটে প্রচার করা হয়েছে এবং তিনি কখনোই জুলাই গণঅভ্যুত্থানকে ‘ডিজাইন করা আন্দোলন’ বা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেননি।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিলোফার মনি বলেন, তিনি জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের পক্ষে ছিলেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় নিয়মিত রাজপথ ও টেলিভিশন টক-শোতে সক্রিয় ছিলেন।
ডিজাইন’ বলতে হত্যার পরিকল্পনাকে বুঝিয়েছিটক-শোতে ব্যবহৃত ‘ডিজাইন’ শব্দের ব্যাখ্যায় নিলোফার মনি বলেন, তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল আন্দোলনকারীদের হত্যার পেছনে থাকা পরিকল্পিত নকশার কথা তুলে ধরা।
তিনি বলেন,
“আন্দোলনকারীদের দমনে পুলিশের কাছে কোনো স্নাইপার ছিল না। তারপরও স্নাইপারের মতো মারণাস্ত্র ব্যবহার করে যেভাবে দেশের তরুণদের হত্যা করা হয়েছে, সেটির পেছনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা খুনিদের নিজস্ব নকশা (ডিজাইন) ছিল।
আন্দোলনকারীদের হত্যা করার জন্য করা সেই পৈশাচিক পরিকল্পনাকেই বোঝাতে আমি ‘ডিজাইন’ শব্দটি ব্যবহার করেছি।”তিনি অভিযোগ করেন, তাঁর মূল বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
টক-শোতে কী বলেছিলেন?
এর আগে একটি টেলিভিশন টক-শোতে নিলোফার মনি বলেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রধান চালিকাশক্তি কারা ছিলেন, তা অনেকের কাছেই স্পষ্ট নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, অনেক মানুষ অন্যায়ের প্রতিবাদ এবং আবেগের বশে আন্দোলনে যোগ দিয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেন, অনেক আন্দোলনকারী বুঝে ওঠার আগেই স্নাইপারের গুলিতে প্রাণ হারান।
অনুষ্ঠানে উপস্থাপক জানতে চান, জুলাই–আগস্টের আন্দোলন কোনো ‘ডিজাইন’ বা ষড়যন্ত্রের অংশ ছিল কি না। জবাবে নিলোফার মনি বলেন, “ডিজাইন অবশ্যই ছিল, তবে ষড়যন্ত্র ছিল কি না, তা আমি জানি না।” তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি নিয়ে অনেক পড়াশোনা করেও কিছু প্রশ্নের উত্তর তাঁর কাছেও পরিষ্কার নয়।
ছাত্রদল সভাপতির প্রতিক্রিয়ানিলোফার মনির ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।
তিনি লেখেন, নিলোফার মনি দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন
সহযোদ্ধা হলেও জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে টেলিভিশন টক-শোতে দেওয়া তাঁর বক্তব্যে ছাত্রদল অত্যন্ত মর্মাহত, ক্ষুব্ধ এবং ওই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
একই সঙ্গে তিনি জুলাইয়ের চেতনার প্রতি শ্রদ্ধাশীল থেকে ভবিষ্যতে গণঅভ্যুত্থান বিষয়ে আরও সংযত ও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানান নিলোফার চৌধুরী মনিকে।