হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১৬, ২০২৬

পটুয়াখালীতে বিদ্যালয়ের সরকারি জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ এনসিপি নেতা  কাফির বিরুদ্ধে

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস

IMG_8232

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় একটি সরকারি বিদ্যালয়ের জমি দখল করে রাতের আঁধারে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়েছে, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের রজপাড়া মৌজায় অবস্থিত খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মালিকানাধীন জমির একটি অংশ দখল করে রাস্তা নির্মাণ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, নুরুজ্জামান কাফি লালুয়া ইউনিয়নের রজপাড়া গ্রামের বাসিন্দা এবং শিক্ষক হাবিবুর রহমানের ছেলে।

চলতি বছরের ২৪ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রজপাড়া মৌজার জেএল নম্বর-৯-এর বিএস ১২ নম্বর খতিয়ানে বিদ্যালয়ের নামে মোট ২১ একর ৭৬ শতাংশ জমি রয়েছে। দীর্ঘদিন ধরে এসব জমি বিদ্যালয়ের দখল ও ব্যবহারে রয়েছে।

২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণের পর সরকারি বিধি অনুযায়ী জমির মালিকানা শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে নথিভুক্ত করা হয়।

অভিযোগ অনুযায়ী, গত সপ্তাহে বিদ্যালয়ের জমির মধ্যে ৬ লেন সড়কের উত্তর পাশে প্রায় ৬ শতাংশ জমি দখল করে একটি সংযোগ সড়ক নির্মাণ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত নুরুজ্জামান কাফির পাশেই ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে এবং সেখানে যাতায়াতের সুবিধা তৈরির উদ্দেশ্যেই বিদ্যালয়ের জমির ওপর রাস্তা নির্মাণ করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে সরকারি জমি উদ্ধার এবং দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছে।

তবে এ অভিযোগের বিষয়ে নুরুজ্জামান কাফির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।এদিকে অভিযোগের পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।