হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ৭, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস

3b8fef31-626c-4238-9085-a87b004e771a

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পেছনে দায়িত্বে অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে। তিনি বলেন, নিহত ও আহত পরিবারের সদস্যরা এই ঘটনায় ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং অন্তত ১২৪ জন আহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী।

ঘটনার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা এবং জনবহুল এলাকায় সামরিক বিমান চলাচল নিয়ে।

এদিকে আদালতে মামলা আবেদনের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিহত পরিবারের সদস্যরা বলছেন, “এই দুর্ঘটনায় যারা দায়ী, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।”

আদালতের পরবর্তী আদেশের দিকে এখন নজর সংশ্লিষ্ট সবার।