হামে শিশুমৃত্যুর বিচার চাই” স্লোগানে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ডা. ইউনূসের বিচারের দাবি
By নিজস্ব প্রতিবেদক ঢাকা | ১৮ মে ২০২৬
দেশে হামে আক্রান্ত হয়ে শত শত শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। “হামে শিশুমৃত্যুর বিচার চাই” স্লোগানে আয়োজিত এই কর্মসূচি থেকে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মাদ ইউনুস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম -এর বিচার দাবি করেন তারা।
শনিবার দুপুরে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা “শিশু গণহত্যার বিচার চাই”, “টিকার অভাবে কেন মৃত্যু?”, “দায়ীদের শাস্তি চাই” লেখা প্ল্যাকার্ড বহন করেন। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে হাম প্রতিরোধ ও টিকাদান বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, টিকা সরবরাহে সংকট এবং সময়মতো কার্যকর উদ্যোগ গ্রহণে ব্যর্থতার কারণেই দেশের হাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাদের দাবি, টিকার অভাব ও প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে পাঁচ শতাধিক শিশুর মৃত্যু ঘটেছে, অথচ এখন পর্যন্ত দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিক্ষোভে বক্তারা বলেন, “শিশু মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে দেশত্যাগের সুযোগ দেওয়া উচিত নয়।”
তারা আরও বলেন, শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রমকে জরুরি ভিত্তিতে জোরদার করতে হবে এবং স্বাস্থ্যখাতে দুর্নীতি,
অব্যবস্থাপনা ও জবাবদিহিহীনতার অবসান ঘটাতে হবে। একই সঙ্গে দেশের চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সতর্ক করে বলেন, স্বাস্থ্যখাতের সংকট ও অব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমে আছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে জনঅসন্তোষ আরও বাড়তে পারে বলেও মন্তব্য করেন তারা।