হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৬, ২০২৬

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ২০০ বিদেশি আটক

By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস

IMG_7915

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান মালুরি রাতের বাজারে (পাসার মালাম) বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ সাতটি দেশের ২০০ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে কুয়ালালামপুর ও পুত্রাজায়ার অভিবাসন বিভাগের কর্মকর্তারা কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহায়তায় অংশ নেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, রাজধানীর অন্যান্য রাতের বাজার এবং বিদেশিদের সমাগমস্থলেও একই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিবাসন বিভাগ জানায়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং প্রায় দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ‘অপ কুটিপ’ নামে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। সন্ধ্যা ৬টার দিকে কয়েকটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) বাজারের প্রবেশপথ ঘিরে ফেলে।

একই সময়ে সাধারণ ক্রেতার ছদ্মবেশে আগে থেকেই অবস্থান নেওয়া কর্মকর্তারা অভিযান শুরু করলে অনেক সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আটক হন।

অভিযানের সময় মোট ৫০০ জনের পরিচয়পত্র ও ভ্রমণসংক্রান্ত নথি যাচাই করা হয়। এর মধ্যে ৪০৭ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ৯৩ জন মালয়েশিয়ার নাগরিক।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশা ইনজাউ জানান, আটক হওয়া ২০০ জনের মধ্যে ১২৫ জন পুরুষ এবং ৭৫ জন নারী।

তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান ও ভারতের নাগরিক।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, বৈধ ভ্রমণ নথি ছাড়া দেশে থাকা, পাসের অপব্যবহার, পাসের শর্ত লঙ্ঘন এবং ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে। যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযান চলাকালে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, আটক হওয়া অনেক বিদেশি স্থানীয় বাজার থেকে মাছ, মাংস, শাকসবজি, রান্নার উপকরণ ও প্রস্তুত খাবার কিনতে এসেছিলেন।

প্রতিদিনের মতো সেদিনও বাজারে স্থানীয়দের পাশাপাশি বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক ও অভিবাসীর উপস্থিতি ছিল। এদিকে, কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) এনফোর্সমেন্ট পরিচালক মোহদ মুজ্জামের জামালউদ্দিন বলেন, তাদের পর্যবেক্ষণে বাজারে আসা অধিকাংশ বিদেশি ক্রেতা হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসা পরিচালনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অভিযান-পরবর্তী সংবাদ সম্মেলনে হামশা ইনজাউ বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। শুধু অবৈধ অভিবাসী নয়, তাদের নিয়োগদাতা, দালালচক্র, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক এবং যারা অবৈধভাবে আশ্রয় বা সহযোগিতা দেন, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অভিবাসন আইন প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে বৈধভাবে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীকে পাসপোর্ট, ওয়ার্ক পারমিট ও অন্যান্য প্রয়োজনীয় নথি হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।