মালয়েশিয়ায় ১ কোটি ৩৩ লাখ রিঙ্গিত মূল্যের গাঁজা জব্দ, চার মাদক চক্রের সদস্য গ্রেপ্তার
By আন্তর্জাতিক ডেস্ক, শাহ আলম, মালয়েশিয়া | ৯ জুলাই ২০২৬
মালয়েশিয়ার সেলাঙ্গর পুলিশ পৃথক চারটি অভিযানে প্রায় ১ কোটি ৩৩ লাখ ৪০ হাজার রিঙ্গিত (RM13.34 million) মূল্যের ক্যানাবিস (গাঁজা) কুঁড়ি জব্দ করেছে। একই সঙ্গে চারটি মাদক চক্রের কার্যক্রম ভেঙে দিয়ে পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সেলাঙ্গর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেলাঙ্গর পুলিশের প্রধান দাতুক শাজেলি কাহার এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (KLIA) টার্মিনাল-১ এবং সেপাংয়ের কোটা ওয়ারিসান এলাকায় পরিচালিত অভিযানে দুই বিদেশি পুরুষ, এক স্থানীয় পুরুষ এবং দুই স্থানীয় নারীকে গ্রেপ্তার করা হয়।
তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। অভিযানে কেএলআইএ জেলা পুলিশের মাদক অপরাধ তদন্ত বিভাগ এবং মালয়েশিয়া এয়ারপোর্টস হোল্ডিংস বেরহাদের (MAHB) সহায়ক পুলিশ যৌথভাবে অংশ নেয়।
পুলিশ জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ২৯ জুন, যখন দক্ষিণ-পূর্ব এশিয়ার এক ২৫ বছর বয়সী বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তার বহন করা দুটি লাগেজে তল্লাশি চালিয়ে ৩৩ দশমিক ৬ কেজি ওজনের ৬০টি প্যাকেটে ক্যানাবিস কুঁড়ি উদ্ধার করা হয়।
একই দিনে বিমানবন্দর থেকেই ৩৫ বছর বয়সী এক স্থানীয় নারীকে গ্রেপ্তার করা হয়। তার স্যুটকেসে ২১ দশমিক ১ কেজি ওজনের ৩৯টি প্যাকেটে ক্যানাবিস পাওয়া যায়। ৩ জুলাই কোটা ওয়ারিসানের একটি কনডোমিনিয়ামের পার্কিং এলাকা থেকে এক দম্পতিকে আটক করে পুলিশ।
পরে তাদের ভাড়া করা বাসায় অভিযান চালিয়ে ৭৬ কেজি ওজনের ১৪৬টি প্যাকেটে ক্যানাবিস কুঁড়ি উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বলে সন্দেহ করা একটি বহুমুখী যানবাহন (এমপিভি)ও জব্দ করা হয়।
পরদিন ৪ জুলাই, কেএলআইএ টার্মিনাল-১ থেকে ২৭ বছর বয়সী এক ইউরোপীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। তার বহন করা দুটি স্যুটকেস থেকে ৩৫ দশমিক ৫ কেজি ওজনের ৬৮টি প্যাকেটে ক্যানাবিস উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, চারটি অভিযানে মোট ১৬৬ দশমিক ২ কেজি ক্যানাবিস কুঁড়ি জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৩ লাখ ৪০ হাজার রিঙ্গিত।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া তিন স্থানীয় নাগরিকের বিরুদ্ধে মাদক ও অন্যান্য অপরাধের পূর্ব রেকর্ড রয়েছে। তবে দুই বিদেশি নাগরিকের বিরুদ্ধে মালয়েশিয়ায় আগে কোনো অপরাধের তথ্য পাওয়া যায়নি।
তারা সামাজিক ভিজিট পাসে দেশটিতে প্রবেশ করেছিলেন।মাদক পরীক্ষায় স্থানীয় দুই নারীর একজনের শরীরে অ্যামফেটামিন ও মেথঅ্যামফেটামিনের উপস্থিতি এবং স্থানীয় পুরুষের শরীরে টিএইচসি (THC) শনাক্ত হয়েছে।গ্রেপ্তার পাঁচজনকে ৭ থেকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট ১৯৫২-এর ৩৯বি ধারায় তদন্ত চলছে।
এদিকে পৃথক এক বিষয়ে, সাবেক সংসদ সদস্য টনি পুয়ার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাংবিধানিক রাজতন্ত্র ও ‘রুকুন নেগারা’ সম্পর্কিত সংবেদনশীল মন্তব্যের অভিযোগে হওয়া তদন্তের দায়িত্ব মালয়েশিয়ার জাতীয় পুলিশ সদর দপ্তর বুকিত আমানের ক্লাসিফায়েড ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইউনিট (USJT)-এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সেলাঙ্গর পুলিশের প্রধান।