ট্রাম্প প্রশাসনে বড় ধাক্কা: জাতীয় গোয়েন্দা প্রধানের পদ ছাড়ছেন তুলসি গ্যাবার্ড।
By আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবাড। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন বার্তায় তিনি জানান, স্বামীর ক্যানসার শনাক্ত হওয়ার পর পারিবারিক পরিস্থিতির কারণে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তুলসি গ্যাবার্ড বলেন, জীবনের এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকাকেই তিনি সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে দেখছেন। আগামী ৩০ জুন থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানান।
এই পদত্যাগকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্যাবিনেট থেকে এ পর্যন্ত চারজন শীর্ষ কর্মকর্তা দায়িত্ব ছেড়েছেন। গ্যাবার্ডের বিদায়ের পর তার প্রধান ডেপুটি অ্যারন লুকাসকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
একসময় ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য হলেও পরবর্তীতে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হয়ে ওঠেন তুলসি গ্যাবার্ড। গত বছর যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পান তিনি।
তবে সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সামরিক অবস্থান ও গোয়েন্দা তথ্য মূল্যায়ন নিয়ে গ্যাবার্ডের সঙ্গে প্রশাসনের কিছু মতপার্থক্য তৈরি হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। যদিও নিজের পদত্যাগপত্রে এ বিষয়ে সরাসরি কিছু উল্লেখ করেননি তিনি।
বিশ্লেষকদের মতে, পারিবারিক কারণকে সামনে এনে পদত্যাগ করলেও এর পেছনে প্রশাসনের অভ্যন্তরীণ নীতিগত টানাপোড়েনও ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে গ্যাবার্ডের এই পদত্যাগ নতুন করে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।