আগস্টে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, মূল্যায়নের ভিত্তিতে আসতে পারে নতুন মুখ
By বেঙ্গল টাইমস ডেস্ক
সরকারের প্রথম ছয় মাস পূর্তিকে সামনে রেখে আগামী আগস্টে মন্ত্রিসভায় রদবদল এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাসের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রীদের কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হতে পারে। একই সঙ্গে নতুন কয়েকজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা রয়েছে।
সূত্রগুলোর দাবি, দায়িত্ব পালনে দুর্বল পারফরম্যান্স, প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমানোর লক্ষ্যেই এই পুনর্বিন্যাসের চিন্তা করা হচ্ছে। পাশাপাশি মন্ত্রিসভার আকারও কিছুটা বাড়ানো হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, অন্তত দুইজন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের ছয় মাসের কর্মমূল্যায়ন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সরকারি সূত্রের ভাষ্য, জাতীয় নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তারেক রহমানের মন্ত্রিসভায় ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন। পরে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করায় বর্তমানে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব শূন্য রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিমন্ত্রী জানান, সরকার গঠনের সময়ই মন্ত্রীদের জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রথম ছয় মাস তাদের কার্যক্রম নিবিড়ভাবে মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নের ফলাফলের ভিত্তিতেই মন্ত্রিসভায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হতে পারে।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রশাসনিক কার্যক্রমের ধীরগতি এবং সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে অসন্তোষ রয়েছে। বিশেষ করে যেসব মন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, তাদের দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।এ ছাড়া যেসব মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে সমন্বয়ের অভাব কিংবা প্রত্যাশিত প্রশাসনিক অগ্রগতি দেখা যায়নি, সেসব ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আলোচনায় যাদের নাম
সরকার ও বিএনপির একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, মন্ত্রিসভার সম্প্রসারণ হলে কয়েকজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
সম্ভাব্যদের তালিকায় রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বরকত উল্লাহ বুলু এবং জয়নুল আবদিন ফারুক।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নামও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাব্য তালিকায় রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, মন্ত্রিসভায় রদবদল কিংবা নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
সংবিধান অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের প্রথম ছয় মাসের অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার গতি ত্বরান্বিত করার লক্ষ্যেই আগস্টে মন্ত্রিসভায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে।