শুধু গোলে নয়, ফিফা পাওয়ার স্থানক্রমে শীর্ষে লিওনেল মেসি
By ক্রীড়া ডেস্ক | বেঙ্গল টাইমস, প্রকাশ: ৩০ জুন, ২০২৬
ঢাকা: বিশ্বকাপে গোলের বন্যা বইয়ে দেওয়ার পাশাপাশি এবার ফিফার নতুন চালু করা ‘পাওয়ার র্যাংকিং’-এর শীর্ষস্থানও দখল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফুটবলে প্রচলিত ব্যক্তিগত র্যাংকিং না থাকলেও, খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণের জন্য চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো এই বিশেষ মূল্যায়ন ব্যবস্থা চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গারের পরিকল্পনায় চালু হওয়া এই রেটিং পদ্ধতিতে আউটফিল্ড খেলোয়াড়দের তিনটি বিভাগে মূল্যায়ন করা হয়—আক্রমণ (Attacking), সৃজনশীলতা (Creativity) এবং রক্ষণ (Defending)। অন্যদিকে, গোলরক্ষকদের মূল্যায়ন করা হয় বল নিয়ন্ত্রণে অবদান এবং গোল প্রতিহত করার দক্ষতার ভিওিতে।
চলতি বিশ্বকাপে চার ম্যাচে ৬ গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা মেসি কোনো অ্যাসিস্ট না করলেও তার সামগ্রিক পারফরম্যান্সই তাকে পাওয়ার র্যাংকিংয়ের শীর্ষে তুলে দিয়েছে। তিন বিভাগে তার প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ৮.৪৯, ৬.৫৫ এবং ৫.১৭।
মেসির শীর্ষে ওঠার পেছনে জার্মান ফরোয়ার্ড দেনিজ উনদাভের রেটিং কমে যাওয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের আগে পর্যন্ত তিনিই ছিলেন তালিকার এক নম্বরে। তবে প্যারাগুয়ের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় দুই ধাপ পিছিয়ে গেছেন তিনি। চার ম্যাচে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করা উনদাভের বর্তমান পয়েন্ট ৮.২৬, ৭.৩৭ ও ৪.৬২।
এদিকে, উনদাভের অবনতির সুযোগে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তিন ম্যাচে ৪ গোল ও ২ অ্যাসিস্ট করা এই ফরাসি তারকার তিন বিভাগে পয়েন্ট যথাক্রমে ৭.৮৫, ৬.২০ এবং ৪.৫৩।
অন্যদিকে, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র দলের জয়ে উজ্জ্বল ভূমিকা রাখলেও পাওয়ার র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে এখন ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। তার বর্তমান পয়েন্ট ৭.৬২, ৬.৫০ ও ৪.৭৯। এর ফলে এক ধাপ করে এগিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে উঠে এসেছেন সুইজারল্যান্ডের জোহান মানজাম্বি এবং ফ্রান্সের উসমান দেম্বেলে।
বিশ্বকাপে এখন পর্যন্ত ২ গোল করা পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন তালিকার ৭৪তম স্থানে। তার তিন বিভাগে প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ৫.৮২, ৫.০৬ এবং ৪.৭৭।
অন্যদিকে, ইনজুরির কারণে মাত্র এক ম্যাচে সীমিত সময় মাঠে নামা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র এখনো ফিফার শীর্ষ ১০০ খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিতে পারেননি।
বিশ্বকাপ যত এগিয়ে যাবে, খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে ফিফার এই নতুন পাওয়ার র্যাংকিংয়েও তত পরিবর্তন আসবে।
ফলে টুর্নামেন্টের শেষ পর্যন্ত ব্যক্তিগত এই লড়াইও ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।